দুই দিনে চারজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় শিশুসহ চারজন মারা গেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক ও ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার বাসার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ ও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মহাখালীর দক্ষিণপাড়ার বাসিন্দা ফারুক (৩১) গতকাল বেলা একটার দিকে পানির বৈদ্যুতিক পাম্প চালু করতে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফারুক প্রাইভেটকারের চালক ছিলেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে প্রায় একই সময় কমলাপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ১২ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক শিশু মারা গেছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুল আলম বলেন, বেলা দেড়টার দিকে কমলাপুর আট নম্বর প্ল্যাটফর্মের সামনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিশু। এতে ট্রেনে কাটা পড়ে শিশুটির হাত-পা আলাদা হয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির পরনে ছিল কালো হাফ প্যান্ট।এর আগে সোমবার রাতে মিরপুরে বাসার ছাদ থেকে পড়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্ররাজ চাকমা (৫৯) মারা যান। নিহতের স্বজনদের বরাত দিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ইন্দ্ররাজ মিরপুরের বিআরটিসি অফিসার্স কোয়ার্টার এলাকার একটি চারতলা বাড়িতে থাকতেন। সোমবার রাত ১১টার দিকে তিনি ছাদে হাঁটতে গিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, বৃষ্টিতে ছাদ পিচ্ছিল ছিল। ধারণা করা হচ্ছে, পা পিছলে ইন্দ্ররাজ নিচে পড়ে গেছেন। তিনি প্রায় প্রতিদিন রাতে ছাদে হাঁটতেন। এ ব্যাপারে কাফরুল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ইন্দ্ররাজের গ্রামের বাড়ি রাঙামাটির রূপনগর এলাকায়। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তেজগাঁওয়ের আড়জোতপাড়ার একটি মেস থেকে মো. মাসুম ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাসুম স্থানীয় একটি হোটেলে চাকরি করতেন। সোমবার দুপুর দুইটার দিকে তিনি হোটেল থেকে মেসে গিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেন। রাতে আশপাশের কক্ষের লোকজন মাসুমকে ডাক দেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মাসুমের লাশ উদ্ধার করে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। মাসুম শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে।