দুই দিনে ছয়জনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় গত শনিবার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পিয়নের হাতে খুন হলেন একই প্রতিষ্ঠানের শফিকুল ইসলাম (২৮) নামের আরেক পিয়ন। পুলিশের ভাষ্য, পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ বলছে, ভাত রান্না করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খুনের অভিযোগে পুলিশ পিয়ন মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে।এ ঘটনা ছাড়াও রাজধানীতে গত দুই দিনে ছয়টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।লালমাটিয়ার ওই সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক শামীম রাজ্জাক প্রথম আলোকে বলেন, পান্তা নয়, বরং ভাত রান্না করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে গ্রেপ্তার মোহাম্মদ আলী তাঁদের জানিয়েছেন। তিনি বলেন, পিয়নরা প্রতিষ্ঠানসংলগ্ন কোয়ার্টারে থাকতেন। প্রতিষ্ঠানের রান্নাঘরে তাঁরা রান্নাবান্নার কাজ করেন।নিহত শফিকুলের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তিনটি অজ্ঞাতনামা লাশ: বাড্ডা থানার এএসআই শফিকুর রহমান বলেন, গতকাল রোববার সকালে মধ্য বাড্ডার লিংক রোড থেকে এক অজ্ঞাতনামা (৩০) যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।রমনা থানার এসআই খান জোবায়ের বলেন, গত শনিবার সোনারগাঁও হোটেলসংলগ্ন সড়ক ও রমনা ক্রসিং থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এদের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।তিনজনের অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে বনানী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় মো. রুবেল (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে বলে জানা গেছে।রমনা থানার পুলিশ জানায়, গত শনিবার মগবাজারের মধুবাগ থেকে মিথিলা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে কারণ জানা যায়নি। এদিকে একই দিন নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকা থেকে ফারিয়া চৌধুরী (১৬) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে।