দুই দিনে নয়জনের অপমৃত্যু
রাজধানীর বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় নয়জন মারা গেছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় চারজন, গলায় ফাঁস দিয়ে দুজন, পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে দুজন এবং আঘাতজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা: শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (্এসআই) রফিকুল ইসলাম জানান, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে আগারগাঁও মোড়ে বাসের ধাক্কায় জহির উদ্দিন কামাল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিপন (২২) নামের মোটরসাইকেলটির অপর আরোহী। এসআই জানান, মতিঝিল থেকে মিরপুরগামী একটি বিআরটিসির বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জহিরউদ্দিন ও রিপন মাটিতে পড়ে যান। চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই জহিরউদ্দিন নিহত হন। আহত রিপনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আরও জানান, পুলিশ বাসসহ চালককে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায়, নিহত জহিরউদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের টিলাগড়ে। বাবা মৃত সিরাজউদ্দিন। তিনি পশ্চিম শেওড়াপাড়া এলাকায় থাকতেন বলে জানা গেছে। এদিকে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধ তুরাগ সিটির সামনের সড়কে বালুভর্তি ট্রাক উল্টে রুহুল আমিন (৩৫) ও মোহাম্মদ সেলিম (৪০) নামের দুজন মারা গেছেন। শাহ আলী থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুহুলের বাবা মৃত নূরুল হক এবং সেলিমের বাবা মনু চৌকিদার। উভয়ের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দোল্লা গ্রামে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়িসংলগ্ন সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিরিন আক্তার (১৪) নামের এক পোশাককর্মী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত দেড়টার দিকে সে মারা যায়। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনার পাহাড়হাট্টি উপজেলার সিংদাবাড়ী পাড়ায়। বাবা মো. কাচা মিয়া। সে গুলশান কড়াইল বস্তিতে থাকত এবং পার্শ্ববর্তী একটি গার্মেন্টসে চাকরি করত। অজ্ঞাত ব্যক্তি খুন: পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, গত শনিবার রাত ১০টার দিকে বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে আঘাতে খুন করার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পানিতে পড়ে শিশুর মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রামপুরার হাতিরঝিলে গতকাল বিকেলে পানিতে ডুবে রাহাত (৭) নামে একটি শিশু মারা গেছে। সে মা-বাবার সঙ্গে রামপুরার পূর্ব উলনপাড়ায় থাকত। বাবা নাসিরউদ্দিন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।গলায় ফাঁস: রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে বড় মগবাজার পেয়ারাবাগ এলাকার এক বাসা থেকে কারিমা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। নিহতের স্বামীর নাম মো. হাবু। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কারিমা আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নওয়াগাঁও গ্রামে। গত শনিবার রাত ১১টার দিকে পশ্চিম তেজতুরী বাজার এলাকার এক বাসা থেকে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ভরেশ্বরা গ্রামে। বাবা আবদুর রশিদ। ট্রেনে কাটা লাশ উদ্ধার: কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত শনিবার বেলা আড়াইটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।