দুই দিনে সাড়ে আট হাজার ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনে রাজধানীতে সাড়ে আট হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: রেহানা আক্তার (৫০) ও জহিরুল ইসলাম (৩০)। এর আগে গত সোমবার সাত হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুল করিম (৪৮), আবদুল গফুর (৪৭) ও সাদেক (২১)। গতকাল দুপুরে ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া তিনজনকে গণমাধ্যমের সামনে আনা হয়। ডিবির কর্মকর্তারা জানান, সোমবার রাত ১১টার দিকে সহকারী কমিশনার শহীদুল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল গুলিস্তানের বাইতুস সমির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যরাতে পুরান ঢাকার সিদ্দিকবাজার দ্বিতীয় লেন, ঘোড়ার গলির একটি বাসা থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে তাঁরা ইয়াবাগুলো টেকনাফ হয়ে দেশে আনেন। তাঁদের তিনজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানতলী এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর ডিবিকে জানিয়েছেন, তাঁরা মাসে দুএকটি চালান টেকনাফ থেকে ঢাকায় এনে বিক্রি করতেন। ট্যাবলেটগুলো দুই ধরনের। ছোট গোলাপি রঙের প্রতিটি ট্যাবলেটের দাম ১৫০ টাকা ও বড়গুলোর দাম ২২০ টাকা।জিজ্ঞাসাবাদে আবদুল করিম জানিয়েছেন, তিনি সিদ্দিকবাজারে কাপড়ের ব্যবসা করেন। বিভিন্ন ধরনের কাপড় তিনি মিয়ানমারে পাঠান এবং সেখান থেকে ইয়াবা ট্যাবলেট পাঠানো হয়।এদিকে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা গতকাল সকালে শাহজাহানপুরের গোল্ডেন ইন্টারন্যাশনাল হোটেল থেকে দেড় হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, রেহানা ও জহিরুল হোটেলে ঢোকার সময় আগে থেকে অপেক্ষায় থাকা মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারা তাঁদের ধরে ফেলেন। রেহানার বাড়ি কক্সবাজারে আর জহিরের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখানে। ইয়াবাগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আনা হয়েছে বলে তাঁরা জানান।