দুই নেত্রীকে একত্রে বসার আহ্বান রফিক-উল হকের
দেশের সমস্যা যত বড়ই হোক না কেন, দুই নেত্রীকে একসঙ্গে বসে তা সমাধান করার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় রফিক-উল হক এ আহ্বান জানিয়েছেন। আলোচনার আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে রফিক-উল হক বলেন, ‘দেশের স্বার্থে দুই নেত্রীর মানসিকতা পরিবর্তন দরকার। শুধু কার্ড বিনিময় করলে হবে না। আমরা চাই তাঁরা একে অপরের বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এখনো সময় আছে, আশা করি, সেটা হবে।’ দেশের বর্তমান দুর্নীতির প্রসঙ্গে রফিক-উল হক বলেন, ‘দেশে চিংড়ি থেকে শুরু করে পদ্মা সেতু সকল ক্ষেত্রেই দুর্নীতি। দেশের সব জায়গায়ই দুর্নীতি। দুই নেত্রী একত্রে বসে দেশের এ সংকট দূর করা উচিত।’ তিনি বলেন, ‘হল-মার্ক নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু ডেসটিনির ব্যাপারে বলব। যারা ডেসটিনির শেয়ার কিনেছে তারা কত বড় বেকুব। ঢাকার পল্টনে বসে এক লাখ টাকা দিলাম। আর ডেসটিনি বলল, রাঙামাটিতে এক লাখ গাছ দিলাম। কত বড় বেকুব হলে এটা বিশ্বাস করা যায়।’‘সাম্প্রদায়িক সম্প্রীতি: আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন।