দুই নেত্রীর অবসরের দাবিতে সোমবার হরতাল ডেকেছে ‘গড়ব বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়ার দাবিতে আগামী সোমবার ঢাকায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে ‘গড়ব বাংলাদেশ বিপ্লবী দল’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির উদ্যোক্তা সদস্য ও মুখপাত্র শাহেদা ও আরেক মুখপাত্র কামরুল হাসান এ হরতালের কর্মসূচি ঘোষণা করেন। সোমবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনেরও আহ্বান জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বলা হয়, মহাজোট সরকারের অমানবিক রাজনীতি, প্রধান বিরোধী দলের ব্যক্তিকেন্দ্রিক ও প্রহসনের রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতি রোখার জন্য দুই নেত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।