দুই প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারবিধি সঠিকভাবে উল্লেখ না করে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক রাসায়নিক পদার্থ ‘ইথোফেন’ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালায়।বিএসটিআই সূত্রে জানা গেছে, কিছু কিছু ফসলে ইথোফেন ব্যবহারের অনুমতি আছে। গাছ থেকে পাড়ার পর কোনো ফলে এই রাসায়নিক পদার্থ মেশানোর অনুমতি নেই। কিন্তু আমসহ বিভিন্ন মৌসুমি ফল দ্রুত পাকাতে ইথোফেন ব্যবহার করা হচ্ছে। গতকাল সকালে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ফার্মগেট কার্যালয়ে অভিযান চালিয়ে রাইপেন-১৫ নামের ইথোফেনের কিছু নমুনা জব্দ করেন আদালত। প্রতিষ্ঠানের কাগজপত্র ঘেঁটে আদালত দেখতে পান, চারটি ফসলের জন্য ইথোফেন বিক্রির অনুমতি থাকলেও প্রতিষ্ঠানটির বাজারজাত করা বোতলের গায়ে লেখা আছে সব ফলে এটি ব্যবহার করা যায়। পরে আদালত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে খামারবাড়ীতে তাঁদের অনুমোদনদাতা প্রতিষ্ঠানে যান। ওই অনুমোদনদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা আদালতকে জানান, তুলা, কুমড়া, আনারস ও কলা—এই চারটি ফসলে ইথোফেন ব্যবহারের অনুমতি রয়েছে। এর বাইরে কোনো ফসলের নাম বোতলের গায়ে লেখা দণ্ডনীয় অপরাধ। পরে আদালত ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের তিন কর্মকর্তাকে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই অপরাধে আদালত মোহাম্মদপুরে শার্ক বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে দেড় লাখ টাকা করে জরিমানা করেন। সেই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকেই দুটি জাতীয় দৈনিকে এসব বিষয় স্পষ্ট করে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেন।মোহাম্মদপুর এলাকায় ‘শতভাগ রাসায়নিকমুক্ত রাজশাহীর আম’ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করছিল বিসমিল্লাহ ফল ভান্ডার। আদালত ওই ফলভান্ডারে অভিযান চালিয়ে ক্যালসিয়াম কার্বাইড নামের রাসায়নিক পদার্থ উদ্ধার করেন। দোকানি একপর্যায়ে স্বীকার করেন, আম পাকাতে এই রাসায়নিক ব্যবহার করতেন তিনি। এ ছাড়া তাঁর আম রাজশাহীর নয়, সাতক্ষীরার। তখন আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।নির্বাহী হাকিম মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফসহ এস এম আবু সায়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে কল্যাণপুর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাতটি রুটি ও বিস্কুট তৈরির কারখানা এবং রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশের অপরাধে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব মো. রেজাউল করিম শেখ ওই অভিযান চালান।