দুই প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরার দক্ষিণখান আবাসিক এলাকায় ইন্ট্রাকো ওয়াশিং প্লান্ট নামক একটি প্রতিষ্ঠানের ওয়াশিং কারখানাকে ১২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানাটি আবাসিক এলাকার ড্রেন ও খালদূষণ এবং জনদুর্ভোগ সৃষ্টি করায় তাদের এই জরিমানা করা হয়েছে। অপরদিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে ক্যাপ্টেনস ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানের ব্যবহূত জেনারেটরের অসহনীয় শব্দদূষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের একটি পরিদর্শন দলের পরিদর্শনের পর গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ দণ্ডাদেশ দেন। দক্ষিণখান এলাকায় ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামক একটি গার্মেন্টস কারখানা পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ওই এলাকায় ইন্ট্রাকো ওয়াশিং নামে একটি ওয়াশিং প্লান্ট ও স্যান্ড ব্লাস্টিং কারখানা স্থাপন করে। এ কারখানায় কোনো বর্জ্য পরিশোধন যন্ত্র ইটিপি নেই। ফলে কারখানার অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা এলাকার পরিবেশ দূষণ ও কারখানাসংলগ্ন এলাকায় ব্যাপক শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। কারখানার মালিককে আগামী এক মাসের মধ্যে ওই আবাসিক এলাকা থেকে কারখানা স্থানান্তর করার নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেনারেটরের শব্দদূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান ক্যাপ্টেনস ওয়ার্ল্ড ফুডকে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সব ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে ব্যবহূত দুটি জেনারেটরের শব্দের মাত্রা পরিমাপ করে পাওয়া যায় যথাক্রমে ৯৭ ও ৮৫ ডেসিবেল (সহনীয় মাত্রা ৭০ ডেসিবেল)।জনদুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর এ দুটি ঘটনা অবহিত হওয়ার পর তাৎ ক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেয়।