দুই প্রান্তে বাস থামিয়ে যাত্রী ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী উড়ালসড়কের (ফ্লাইওভার) দুই প্রান্তে বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলছে। এতে বিশেষ করে উড়ালসড়কের বনানী প্রান্তে সেতু ভবন-সংলগ্ন সড়কে যানজট লেগে থাকে। পাশাপাশি থাকছে দুর্ঘটনার ঝুঁকি।

এটি ঢাকায় চালু হওয়া প্রথম উড়ালসড়ক, যার দৈর্ঘ্য ১ দশমিক ১২ কিলোমিটার। ১৯টি স্তম্ভের ওপর দাঁড়ানো উড়ালসড়কটি ২০০৪ সালের শেষের দিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ প্রতিদিন শত শত বাস ও সিএনজিচালিত অটোরিকশা এই উড়ালসড়কের ওপর দিয়ে চলাচল করে।

গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়, বনানী প্রান্তে ফ্লাইওভারে ওঠার অনেক আগ থেকেই রাস্তায় স্টিল ও কংক্রিটের কাঠামো দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে, যাতে পথচারী ও সেতুর নিচ দিয়ে মহাখালীগামী যানবাহন এই অংশে আসতে না পারে। কিন্তু বিভাজকের দু-একটি ফাঁক দিয়ে অনেক পথচারী ফ্লাইওভারের গোড়ায় এসে দাঁড়াচ্ছেন। যাত্রীবাহী বাসগুলোর বেশির ভাগ সেখান থেকে যাত্রী উঠাচ্ছে, নামাচ্ছে। এতে উড়ালসড়কের গোড়াতেই তৈরি হচ্ছে যানজট। একই দৃশ্য দেখা যায় উড়ালসড়কের বিএএফ শাহীন কলেজ প্রান্তে।

এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বলছেন, উড়ালসড়কের দুই প্রান্ত দিয়ে এভাবে যাত্রী ওঠানোর কারণে যানজট তৈরি হওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বনানী প্রান্তে উড়ালসড়কের গোড়ায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এমন এক ব্যক্তি জানান, সপ্তাহখানেক আগে এই প্রান্ত দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে ওঠার সময় তাঁর এক সহকর্মী পড়ে যান। অল্পের জন্য বাসের চাকার নিচে যাওয়ার হাত থেকে রক্ষা পেলেও ওই সহকর্মীর ডান হাত ভেঙে যায়।

তাহলে আপনি কেন এভাবে ঝুঁকি নিয়ে গাড়িতে উঠছেন? এমন প্রশ্নের জবাবে মোকাররম বলেন, ফ্লাইওভারের নিচ দিয়ে ফার্মগেটের দিকে যেতে গেলে যানজটের ঝক্কিটা বেশি পোহাতে হয়। মহাখালী রেলক্রসিংয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে বাসে। তাই অনেকে ঝুঁকি নিয়ে হলেও ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচলকারী বাসে উঠতে চান।

দেখা যায়, উড়ালসড়কের দুই প্রান্ত থেকেই যাত্রীবাহী বাসগুলো দ্রুত যাত্রী নামাচ্ছে। লোকজন গাড়িতে উঠছেন আরও দ্রুত। এ সময় পেছনের দিকে আটকে পড়া যানবাহনগুলো ক্রমাগত হর্ন বাজিয়ে চলেছে।

উড়ালসড়কের দুই প্রান্তে এমন ঝুঁকিপূর্ণ যাত্রী ওঠানামার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগেই বিষয়টি আমাদের নজরে এসেছে। ফ্লাইওভারের দুই অংশ থেকে যাত্রী ওঠা-নামার কোনো অনুমোদন নেই। এটা নিয়মবহির্ভূত।’ এ ক্ষেত্রে নিয়ম অমান্যকারী লোকজনেদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে এই প্রকৌশলী বলেন, ‘বিষয়টি আমরা ট্রাফিক বিভাগকে অবহিত করেছি। তাদেরই ব্যবস্থা নেওয়ার কথা।’

জানতে চাইলে ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) প্রবীর কুমার রায় বলেন, ‘ফ্লাইওভারের বনানী প্রান্তে গাড়ি দাঁড়ানোর সুযোগ কম। কারণ সেখানে বেশির ভাগ সময় আমাদের লোক থাকে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাই আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গেই দেখে আসছি।’

প্রবীর কুমার রায় আরও বলেন, ‘কেবল পাহারা বসিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এ ক্ষেত্রে যাত্রী কিংবা চালককেও সচেতন হতে হবে।’