দুই প্রার্থী স্বাচিপের জয় ড্যাবের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্যরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। স্বাচিবের সমর্থকেরা বলছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যাকে সমর্থন করবে তাঁরই ডিন নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবিএম মকসুদুল আলম এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান। প্রথমজন স্বাচিবের সদস্য, দ্বিতীয়জন স্বাচিবের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নির্বাচনে ছয়টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের এক হাজার ৩৮ জন শিক্ষক ভোট দেবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, স্বাচিপ ও স্বাধীনতার পক্ষের প্রার্থী এ বি এম মকসুদুল আলম। অন্য প্রার্থী সম্পর্কে তিনি বলেন, যে কারও স্বাধীনভাবে নির্বাচন করার অধিকার আছে।গত বছর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের সময় স্বাচিপের মধ্যে উপদলীয় কোন্দল স্পষ্ট হয়ে ওঠে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী দুটি উপদলের নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন পদোন্নতি ও বদলির ক্ষেত্রে স্বাচিপের মধ্যকার বিরোধ প্রকাশ পেয়েছে।গতকাল চেষ্টা করেও স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইসমাইল খান বলেন, দলের সমর্থনেই তিনি প্রার্থী হয়েছেন। একই দাবি করেছেন মাকসুদুল আলম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বাচিব সমর্থক চিকিৎসক বলেছেন, নির্বাচনে ড্যাব বড় ভূমিকা রাখবে।ড্যাবের মহাপরিচালক এ জেড এম জাহিদ হোসেন বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো প্রার্থীকে সাংগঠনিকভাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়নি।