দুই বছর ধরে একটি স্বাক্ষরের অপেক্ষায় বার্ন ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বাক্ষরের অভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটটি রোগীদের পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না। প্রায় দুই বছর ধরে ইউনিট প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরসংক্রান্ত সুপারিশ আটকা পড়ে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।সূত্রগুলো বলছে, বার্ন ইউনিট প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল ২০১১ সালের মার্চে। সুপারিশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহম্মদ হুমায়ুন কবির।সারা দেশে আগুনে পোড়া রোগীদের একমাত্র চিকিৎসাকেন্দ্রটিতে প্রতিদিন ধারণক্ষমতার তিন থেকে চার গুণ রোগী বেশি ভর্তি থাকে। ইউনিটটি ১০০ শয্যায় রূপান্তরের প্রশাসনিক আদেশ হলেও বরাদ্দ বাড়েনি, ওষুধের জোগান অপ্রতুল। প্রকল্পটি রাজস্ব খাতে না নেওয়ায় চিকিৎসকেরা নিয়মিত বেতন পান না, কর্মচারীদের ৩৭ জন কোনো বেতনই পান না।বার্ন ইউনিটকে কেন রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী কেউই প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীন দেশের বাইরে থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, চারদলীয় জোট সরকারের আমলে জনবল নিয়োগ হয়েছিল বলে সরকার ধারণা করছে, এরা সবাই ওই সরকারের সমর্থক। সে কারণে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া আটকে আছে।জানতে চাইলে বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে জানান, আগুনে পোড়া, অ্যাসিডে ঝলসানো মানুষের একমাত্র আশ্রয়স্থল হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। প্রতিদিন ৫০ শয্যার এই ইউনিটে ভর্তি থাকে প্রায় তিন শ রোগী। জরুরি ও বহির্বিভাগে সেবা নেয় আরও প্রায় আড়াই শ রোগী। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জাতীয় সংসদে বার্ন ইউনিটের জন্য ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছিল।১৯৯৮-২০০৩ সালে আওয়ামী লীগ সরকার ৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেয়। জনবল নিয়োগ হয় ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে। ওই প্রকল্পে ৭৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্ন ইউনিটকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে সুপারিশ শুরু করে বার্ন ইউনিট কর্তৃপক্ষ। সরকারের এই মেয়াদে অর্থ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয় থেকে বিধিবদ্ধ আদেশ (এসআরও) জারি করা হয়, ’৯৭ সালের পরের কোনো প্রকল্প রাজস্ব খাতে নেওয়া হবে না। পরবর্তীকালে বার্ন ইউনিটকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা ভেবে সংস্থাপন মন্ত্রণালয় বিশেষ এসআরও জারি করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সারসংক্ষেপ পাঠিয়েছে, তাতে কর্মকর্তারা বলেন, অর্থ বিভাগ কারিগরি ৫৯টি পদে নতুন করে নিয়োগের অনুরোধ জানিয়েছে। কিন্তু বার্ন ইউনিটের চিকিৎসা, চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য চিকিৎসা থেকে স্বতন্ত্র এবং পদ্ধতিও আলাদা। এই প্রকল্পে নিয়োজিত জনবল বিশেষায়িত চিকিৎসাসেবার অভিজ্ঞতা অর্জন করেছে, এদের অভাব পূরণ করা সম্ভব নয়। প্রস্তাবটিতে বিশেষভাবে কারিগরি পদে নিয়োজিত লোকবলকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।সূত্রগুলো বলছে, প্রকল্পটিতে শুরু থেকেই চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী ছিল না। প্রকল্প শুরুর সময় থেকে ৩৭ জন শ্রমিক বিশেষ প্রশিক্ষণ নিয়ে ইউনিটটিতে বিনা বেতনে কাজ করছেন। মুহম্মদ জুমন নামের এক কর্মচারী জানান, চিকিৎসকেরা পকেট থেকে শ্রমিকদের টাকাপয়সা দিয়ে থাকেন।