দুই বছর পর ঢাকা থেকে কলকাতার উদ্দেশে গেল মৈত্রী এক্সপ্রেস
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল।
আজ রোববার সকাল সোয়া আটটায় ৪৫৬ আসনের মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ১৭০ যাত্রী নিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদের মধ্যে ভারতের ১৬ জন এবং ইন্দোনেশিয়ার ১ জন।
আজ সকালে এই ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। তিনি বলেন, এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। কিন্তু প্রথম দিনে মৈত্রী এক্সপ্রেসের যাত্রীর সংখ্যা ছিল অর্ধেকেরও কম।
এদিকে আজ সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার পুরোনো চিৎপুরের আন্তর্জাতিক রেলস্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ ২৬ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছে বন্ধন এক্সপ্রেস ট্রেন।
আগামী ১ জুন চালু হবে মিতালী এক্সপ্রেস। এ ট্রেন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির পথে চলবে।