ত্রিকোণ পার্কের নির্মাণকাজ
দুই বছর পরও ‘অনিশ্চয়তা’
এখন ওই পার্কের দৃশ্যমান কাজ বলতে টিনের বেড়া ও শিশুদের স্কেটিং জোনের আংশিক কাজ।
দুই বছর আগে একটি পার্কের আধুনিকায়ন ও সংস্কারের কার্যাদেশ দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কাজের মেয়াদ ছিল ৬ মাস। নির্ধারিত ওই সময়ে পার্কটিকে শুধু টিনের বেড়া দিয়ে ঘেরার কাজটুকু হয়। পরে আরও ৮ মাস সময় দেওয়া হয়। তবে ওই সময়েও কাজ শেষ হয়নি। এরপর আরও ১০ মাস কেটে গেছে। এখন ওই পার্কের দৃশ্যমান কাজ বলতে টিনের ওই বেড়া ও শিশুদের স্কেটিং জোনের আংশিক কাজ।
ছয় মাসের কাজ দুই বছরেও শেষ না হওয়ার এ ঘটনা মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ‘ত্রিকোণ পার্কের’। ২০১৯ সালের অক্টোবরে পার্কটির আধুনিকায়ন ও সংস্কারকাজে মেসার্স খন্দকার শাহীন আহমেদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, পার্কের ভেতর অবৈধ দখলদার ছিল। তাই কার্যাদেশ দিয়েও সিটি করপোরেশন পার্ক বুঝিয়ে দিতে পারেনি। দখলদার উচ্ছেদের পরে নকশা নিয়ে জটিলতা শুরু হয়। এসব কারণে বর্ধিত মেয়াদেও কাজের অগ্রগতি হয়নি।
ঠিকাদার বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘পার্ক সময়মতো বুঝিয়ে না দেওয়া ও নকশাসংক্রান্ত জটিলতায় কাজ আর করব না বলে জানিয়ে সিটি করপোরেশনকে লিখিত চিঠি দিয়েছি। এ ছাড়া আমি যেটুকু কাজ করেছি, এর বিল ও জামানতের জমা রাখা টাকাও ফেরত চেয়েছি।’
পার্ক সময়মতো বুঝিয়ে না দেওয়া ও নকশাসংক্রান্ত জটিলতায় কাজ আর করব না বলে জানিয়ে সিটি করপোরেশনকে লিখিত চিঠি দিয়েছি।বাবুল আকতার, ঠিকাদার
পার্ক উন্নয়নকাজের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ও পরিবেশ সার্কেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা মন্তব্য করতে চাননি। ২০১৯ সালের অক্টোবরে পার্কটির আধুনিকায়ন ও সংস্কারকাজের কার্যাদেশ দেওয়া হয়। মেয়াদ ছিল ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু পার্কে অবৈধ দখল থাকায় তখন নিয়োজিত ঠিকাদার কাজ করতে পারেননি। ২০২০ সালের ২ অক্টোবর মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে থাকা একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশার গ্যারেজ ও নার্সারি উচ্ছেদ করা হয়। ঠিকাদার পার্কে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও মাটি ফেলে ভরাট এবং পার্কে শিশুদের স্কেটিং জোনের কাজ করেন। এর মধ্যেই পার্কের আধুনিকায়ন কাজের বিভিন্ন পরিকল্পনা ও নকশা নিয়ে জটিলতা দেখা দেয়। সিটি করপোরেশন কর্তৃপক্ষও ঠিকাদারকে এসবের সমাধান দিতে পারেনি। সবশেষে দরপত্রে উল্লেখিত জিনিসপত্রের দাম বেড়ে গেছে জানিয়ে ঠিকাদার আর কাজ করবেন না বলে করপোরেশনকে জানিয়ে দেন।
ঠিকাদার বাবুল আক্তার বলেন, দুই বছর আগে দেওয়া পণ্যের মূল্য এখন বেড়ে গেছে। তাহলে ওই রেট দিয়ে কাজ করব কীভাবে?
ঠিকাদারের প্রকৌশলীরা বলছেন, পার্কটিতে মাত্র ১০ শতাংশের মতো সামগ্রিক কাজ হয়েছে। এর মধ্যে শিশুদের স্কেটিং জোনের কাজ হয়েছে প্রায় ৯০ শতাংশ। কার্যাদেশে পার্কের এক পাশে একটি কংক্রিটের সেতু তৈরির পরিকল্পনা ছিল, যা পরে বাতিল করা হয়। পার্কের পূর্ব পাশে থাকা ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনার কার্যালয় ও বর্জ্য অপসারণের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আছে, যেটা আধুনিকভাবে নির্মাণের পরিকল্পনা ছিল। করপোরেশন তাদের এ দুই স্থাপনাও সাময়িকভাবে সরাতে পারেনি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পার্কের পূর্ব প্রান্তে যেখানে স্কেটিং জোন করা হয়েছে, সেখানে পানি ও ময়লা আবর্জনা জমে আছে। পার্কের ভেতরে ভ্যান, একটি টিনশেডের ঘর আছে। যেটা স্থানীয় মোহাম্মদপুর থানার ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের কার্যালয় ও আড্ডার জায়গা হিসেবে ব্যবহার করছেন। পাশেই ব্যাডমিন্টন খেলার জায়গা। টিনশেডের কার্যালয়ে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের আয়োজিত একটি ব্যাডমিন্টন খেলা প্রতিযোগিতার বিজ্ঞপ্তি। কার্যালয়ের দরজা তালাবদ্ধ দেখা গেছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর নেতা–কর্মীরা ওই জায়গায় আসেন। তখনই দরজা খোলা হয়। সন্ধ্যার পর ভেতরে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন করা হয়। এ ছাড়া পার্কের সংস্কারকাজে যে টিনের বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়ায় পার্কের সামনের অংশে আসাদ অ্যাভিনিউর পথচারীদের হাঁটার রাস্তাও দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে।
মাদক ব্যবসা ও সেবনের বিষয়টি স্বীকার করে ঠিকাদার বলেন, ‘এর ভেতরে মাদক সেবন ও মাদকের ব্যবসা হয়। এগুলো তো আমি সামাল দিতে পারিনি।’
পার্কের কাজের বিষয়ে কথা বলতে প্রথম আলোর পক্ষ থেকে আধুনিকায়ন ও উন্নয়নকাজের আগের প্রকল্প পরিচালক ও ডিএনসিসি বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বর্তমান প্রকল্প পরিচালক ও পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আবুল কাশেমের সঙ্গে কথা বলতে বলেন। তবে আবুল কাশেম সঙ্গে কথা বলা যায়নি। পরে ডিএনসিসি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামের মন্তব্য জানতে চায় প্রথম আলো। খুদে বার্তায় তিনি জানান, পার্কের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র দিতে তিনি প্রকল্প পরিচালককে (আবুল কাশেম) জানিয়ে দিয়েছেন।
আবুল কাশেম প্রথম আলোর প্রতিবেদককে আগের প্রকল্প পরিচালক তারিক বিন ইউসুফের সঙ্গে কথা বলতে বলেন। প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিষয়টি জানানো হলে তিনি (আবুল কাশেম) জানান, তারিক বিন ইউসুফই এখনো ওই প্রকল্পের পরিচালক।