দুই বছরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলেও ইংরেজি ভাষা কেন্দ্র চালু করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ আছে, একই সময়ে অনুমোদন পাওয়া নতুন ছয়টি বিভাগের কার্যক্রম শুরু হলেও ভাষা কেন্দ্রটি চালু করতে প্রশাসন আগ্রহ দেখাচ্ছে না। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেরিতে হলেও আমরা কাজ শুরু করেছি। সম্প্রতি একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কোর্স তৈরির কাজ শুরু করেছেন।’সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে একটি ভাষা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে ২০০৮ সালের জুলাই মাসে ইউজিসির অনুমোদন পাওয়া যায়। কেন্দ্রের জন্য অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক তিনটি পদের অনুমোদন দেয় ইউজিসি।একই সময়ে অনুমোদন পাওয়া আইন, নৃবিজ্ঞান, ফার্মেসিসহ ছয় বিভাগের কার্যক্রম ইতিমধ্যে চালু হলেও ভাষা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর কেন্দ্রের জন্য তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও সম্প্রতি একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যোগ্য লোক না পাওয়ায় অন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এদিকে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রটির জন্য আরও একটি অধ্যাপক পদের অনুমোদন দেয় ইউজিসি।এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ভাষা কেন্দ্রে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা কোর্স করানো হবে। আবার কেন্দ্রের শিক্ষকেরা বিভিন্ন বিভাগেও ক্লাস নেবেন। আশা করছি জুলাই মাসে ভাষা কেন্দ্রটি চালু করা যাবে। ভাষা কেন্দ্রটিকে ভবিষ্যতে ইনস্টিটিউট করার চিন্তা-ভাবনাও প্রশাসনের আছে।’