দুই বছরের মধ্যে স্বনির্ভর হবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের মধ্যে একটি স্বনির্ভর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ট্রাস্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম। সভায় ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১৩০ কোটি টাকার ঋণ মওকুফ করায় বর্তমানে এই ট্রাস্টের আর কোনো ঋণ নেই। এ ছাড়া ট্রাস্টের ১২ একর জমির মালিকানা চূড়ান্ত হওয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এখন নতুন করে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। এটি অব্যাহত রাখা গেলে ২০১৩ সালের মধ্যে এই ট্রাস্ট একটি সচ্ছল ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে।সভায় কমিটির সদস্য শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ ও বেগম রুবী রহমান অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সভায় মুক্তিযোদ্ধা তালিকায় যাতে কোনো ভুয়া লোকের নাম না ঢুকতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া ইতিমধ্যে যেসব মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্ক উঠেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে আগামী এক মাসের মধ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।