দুই বাসচালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালকদের ভুলের কারণেই সায়েদাবাদে ট্রেন-বাস দুর্ঘটনা হয়েছে। ট্রেন আসার কারণে লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক থাকলেও উল্টো পথ দিয়ে দুটি বাস প্রতিবন্ধক দণ্ড ভেঙে রেললাইনের ওপর উঠে পড়ে। এরপর বাস দুটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেন এলেও বাস আর সরতে পারেনি। রেলওয়ের প্রাথমিক তদন্তে এ তথ্য পাওয়া গেছে। বুধবারের এ দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হন। ওই রাতেই নিহত আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। আহত সাতজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের অবস্থা গুরুতর।বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, উল্টো পথ দিয়ে বাস দুটি প্রতিবন্ধক দণ্ড ভেঙে রেললাইনের লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে এবং বন্ধ হয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাস দুটি রেললাইনের পাশের কয়েকটি ফলের দোকান, একটি হালিমের দোকান, একটি রিকশা ও কয়েকজন পথচারীর ওপর গিয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনা রোধে রাজধানীর সব লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক বসানো হয়েছে।আরও তিন লাশ শনাক্ত: বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনেরা আরও তিনটি লাশ শনাক্ত করেছেন। তাঁরা হলেন সায়েদাবাদের লেভেল ক্রসিংয়ের গেটম্যান আমিনুল ইসলাম (৩২)। তিনি সপরিবারে গেন্ডারিয়ার করাতিটোলার ৩০/১ স্বামীবাগে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার বানিমদনে। তাঁর বাবার নাম আলী আকবর। আরেকজন হলেন গৃহবধূ অজুফা খাতুন (৪৫), তাঁর স্বামীর নাম শফিকুল ইসলাম। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরগোতায়। অপরজন আশরাফুল আলম হুমায়ুন (২২), তাঁর বাবা মৃত আলী আকবর। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর দেওরিয়ায়। এর আগে শনাক্ত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র নাজিম উদ্দিন, ফুটপাতের হালিম বিক্রেতা আবেদ আলী (৫৫) ও পথচারী লিসা বেগমকে (৩৮)। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে থানায় আবেদন করেন। এরপর বুধবার মধ্যরাত থেকে স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়। ওসি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র নাজিম ও আশরাফুল আলম বাসযাত্রী ছিলেন। অজুফা, লিসা বেগম পথচারী এবং রেলওয়ের গেটম্যান আমিনুল কর্তব্যরত ছিলেন।থানায় মামলা: গত বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী আবদুল মতিন বাদী হয়ে রেলওয়ে থানায় (জিআরপি) মামলা করেন। এ ঘটনার জন্য দুই বাসের চালককে দায়ী করা হয়েছে। মামলায় বলা হয়, বাসচালকদের দায়িত্বহীনতার কারণে ছয়জন মানুষ মারা যান। রেলওয়ে থানার ওসি জানান, ক্ষতিগ্রস্ত বাস দুটি আটক করে থানা চত্বরে রাখা হয়েছে। বাসের দুই চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি সায়েদাবাদ রেললাইনের লেভেল ক্রসিংয়ে যাত্রাবাড়ীগামী বেকার পরিবহন (নারায়ণগঞ্জ-ব ১১০০৩৯) ও বিকল্প পরিবহনের (ঢাকা মেট্রো-জ ১১৩১১৬) বাসকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৩ জনের মধ্যে অবস্থার উন্নতি হওয়ায় ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সাতজন চিকিৎসাধীন আছেন। ক্যাজুয়ালটি ব্লকের কনসালট্যান্ট সালমা সুলতানা প্রথম আলোকে জানান, ক্যাজুয়ালটি ব্লকের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের একজনের পা হারাতে হতে পারে। দুটি কমিটি: গত বুধবার ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিভাগীয় পরিবহন কর্মকর্তা সৈয়দ জহিরুল ইসলামকে প্রধান করে চার সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়।