দুই বাসের চাপে পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যাত্রী ধরার প্রতিযোগিতায় দুটি বাসই চলছিল বেপরোয়া। একটি বাস আরেকটিকে ঘেঁষে আগে যাওয়ার চেষ্টা করছিল। রাস্তা পার হতে উদ্যত এক পথচারীকে দেখেও কেউ গতি কমায়নি। এ সময় দুটি বাসের মাঝে আটকা পড়েন ওই পথচারী। তার পরও বাস দুটি থামেনি। দুটি বাসের চাপে পিষ্ট হয়ে মারা যান তিনি।
গতকাল রোববার সকালে রাজধানীর মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পথচারী মোজাম্মেল হক কাঞ্চন (২৩) বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষানবিস হিসেবে কাজ করছিলেন। রাজধানীতে রাস্তা পারাপারে পুলিশের কড়াকড়ির মধ্যেই এ ঘটনা ঘটল।
এর আগে শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় সেই বাসেরই ধাক্কায় আহত হয়ে মারা যান সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরী। তিনি শাহবাগ থেকে কারওয়ান বাজারে একটি বেসরকারি টেলিভিশন কার্যালয়ে টক শোতে যোগ দিতে যাচ্ছিলেন। সোনারগাঁও মোড়ে বাস থামার পর তিনি নামতে যাচ্ছিলেন। তিনি এক পা রাস্তায় নামাতেই বাসটি আবার চলা শুরু করে। এতে তিনি পড়ে গিয়ে বাসের বডির সঙ্গে মাথায় প্রচণ্ড ধাক্কা খান। এরপর তাঁকে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর চিকিৎসা হয়নি বলে অভিযোগ উঠেছে।
গতকাল রক্তাক্ত মোজাম্মেলকে উদ্ধার করে সঞ্জয় ও মাসুম নামের দুই পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় জানান, মৌচাক মোড়ে মোজাম্মেল রাস্তা পার হওয়ার সময় ফাল্গুন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আসছিল। মোজাম্মেল দৌড়ে রাস্তার বাঁ পাশে যেতেই দিবানিশি পরিবহনের আরেকটি বাস চলে আসে। দুটি বাসের মাঝে আটকে যান তিনি। এ অবস্থায় তাঁকে টেনে নিয়ে মালিবাগের দিকে যায় বাস দুটি। কয়েক মিনিট পর ডান পাশের বাসটি সরে গেলে রাস্তায় পড়ে থাকে মোজাম্মেলের থেঁতলানো দেহ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোজাম্মেলের লাশ শনাক্ত করেন তাঁর ভগ্নিপতি মো. আলমগীর। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর সেনবাগে। ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় তিনি থাকতেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক এ কে নেওয়াজ জানান, প্রাথমিক তদন্তে সবার সঙ্গে কথা বলে মনে হয়েছে বাস দুটির চালকদের প্রতিযোগিতা আর গাফিলতিতে ওই যুবক নিহত হয়েছেন। দুটি বাসই আটক করা হয়েছে। ফাল্গুন পরিবহনের চালক নাসিরকে আটক করা হলেও অপর চালক পালিয়ে গেছেন।