মিরপুরে মানহীন সুপেয় পানির কারখানা
দুই ব্যবসায়ী ও দুই বাড়িমালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ
বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে মানহীন সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করায় দুই ব্যবসায়ী এবং এ রকম পানির কারখানাকে বাড়ি ভাড়া দেওয়ায় দুই বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে অভিযানকালে এই নির্দেশ দেওয়া হয়।আদালত সূত্র জানায়, গতকাল ভ্রাম্যমাণ আদালত মিরপুরের ১৪৬ দক্ষিণ বিশিলে মেসার্স রূপালী ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানটি ওয়াসার পানি সরাসরি জারে ভরে বাজারজাত করছিল। কারখানায় যন্ত্রপাতি রাখা হলেও কোনোটিতে সংযোগ ছিল না। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিক ফারুকী রমীন এবং এই কারখানাকে বাসা ভাড়া দেওয়ায় বাড়ির মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত। আদালত ওই কারখানার যন্ত্রপাতি বাজেয়াপ্ত ঘোষণা করেন। যন্ত্রপাতিগুলো গাড়িতে করে বিএসটিআই কার্যালয়ে নেওয়া হয়।এরপর আদালত একই এলাকার মেসার্স সেফটি ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই কারখানাটিও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করছিল। এ অপরাধে কারখানাটি সিলগালা করা হয়। কারখানার মালিক আনোয়ার হোসেন এবং ওই কারখানাকে বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত।পরে আদালত মধ্য পাইকপাড়ার আহম্মদনগর এলাকার মেসার্স শীতল ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র পরিচালিত প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন পানি উৎপাদন ও বাজারজাত করছিল। তাঁরা আর কখনো মানহীন পানি বিক্রি না করার অঙ্গীকার করেন। এ কারণে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, বেশি টাকার লোভে মানহীন পানি উৎপাদনের কারখানাকে বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে ওই দুই বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, মেসার্স রূপালী ড্রিংকিং ওয়াটার সরাসরি ওয়াসার পানি জারে ভরে বিক্রি করছিল। সেখানকার যন্ত্রগুলো লোক দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়। আদালতের নির্দেশমতো কারখানার মালামাল নিয়ে আসা হয়েছে।