তুচ্ছ ঘটনায় পুরান ঢাকার দুই ব্যবসায়ীকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাপড়ের ব্যবসায়ী মুক্তার হোসেন ও তাঁর এক বন্ধু মঙ্গলবার রাতে ভিক্টোরিয়া পার্ক এলাকায় বসে গল্প করছিলেন। তাঁদের পাশে বসে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পক্ষের কয়েকজন কর্মী। ছাত্রলীগের কর্মীদের গালি দেওয়া হয়েছে, এমন অভিযোগ এনে তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাঁরা আরও কয়েকজনকে ডেকে এনে ব্যবসায়ীদের ওপর হামলা চালান। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রলীগের এক কর্মীকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেয়। আহত ব্যবসায়ী মুক্তার হোসেন দাবি করেন, ছাত্রলীগের কয়েকজন কর্মী মিথ্যা অভিযোগ এনে তাঁদের ওপর হামলা চালান এবং তাঁর সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অশোক কুমার সাহা জানান, খবর পেয়ে তিনি কোতোয়ালি থানার পুলিশকে জানালে পুলিশ ব্যবসায়ীদের উদ্ধার করেন।