দুই ভগ্নিপতির পরিকল্পনায় খুন হন জাসাসের নেতা হাসান!
দুই ভগ্নিপতির পরিকল্পনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চকবাজার থানা শাখার যুগ্ম আহ্বায়ক ও ৬৩ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি হাসান আলী খুন হয়েছেন। গত সোমবার র্যাব ওই দুই ভগ্নিপতিসহ চারজনকে গ্রেপ্তারের পর তাঁরা এমন তথ্য দেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসানের দুই ভগ্নিপতি নূর ইসলাম (৩৮) ও মো. হায়দার (২৬)। অন্য ব্যক্তিরা হলেন আবদুল গনি (২৮) ও মো. আরমান (২৫)।র্যাব জানায়, গনি ও আরমান ভাড়াটে খুনি। জায়গা-জমিসংক্রান্ত শত্রুতার জের ধরে দুই ভগ্নিপতি ভাড়াটে খুনিদের দিয়ে হাসানকে খুন করিয়েছেন। উল্লেখ্য, কয়েক দিন ধরে হাসান আলীকে গুম করা হয়েছে মর্মে গুঞ্জন ছিল।র্যাব সূত্র জানায়, হাসান আলী বংশালের বাসিন্দা। রাজনীতির পাশাপাশি তিনি জায়গা-জমির ব্যবসা করতেন। গত ২৫ অক্টোবর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কেরানীগঞ্জে যান তিনি। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। এ ঘটনায় পরদিন ২৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানা ও বংশাল থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়। ১ নভেম্বর কেরানীগঞ্জের খোলামোড়া বামনশুর বন্দে এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।র্যাব-১০-এর সহকারী পরিচালক মাহফিজুর রহমান জানান, হাসান হত্যার মূল পরিকল্পনাকারী হলেন তাঁরই দুই ভগ্নিপতি নূর ইসলাম ও হায়দার। তাঁরা হাসানকে হত্যার জন্য তিন ভাড়াটে খুনিকে প্রায় দেড় লাখ টাকা দেন।পরিকল্পনা অনুযায়ী, ২৫ অক্টোবর হাসানকে অপহরণ করে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে অতিরিক্ত মদপান করিয়ে অচেতন করা হয় এবং রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চলে লাশ গুমের চেষ্টাও। গ্রেপ্তার ব্যক্তিরা র্যাব কর্মকর্তাদের কাছে হত্যার পরিকল্পনা ও হত্যার কথা স্বীকার করেছেন। মাহফিজুর বলেন, আরমান ও গনি ভাড়াটে খুনি। ঘটনায় জড়িত আরেকজনের নাম কামাল। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।র্যাব জানায়, জায়গা-জমিসংক্রান্ত শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে ওই দুই ভগ্নিপতি এ হত্যার পরিকল্পনা করেন। হাসান জায়গা-জমির ব্যবসা করতেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ অক্টোবর গনি জমির ক্রেতা সেজে ফোন করে হাসানকে কেরানীগঞ্জে নিয়ে যান।এদিকে হাসান হত্যার ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একের পর এক হত্যা, গুম করে যাচ্ছে।