দুই ভাষাসৈনিকের নামে ধানমন্ডির দুটি সড়ক
রাজধানীর ধানমন্ডিতে দুটি সড়কের নামকরণ দুই ভাষাসৈনিকের নামে করা হয়েছে। এর মধ্যে ধানমন্ডি ৫/এ সড়কের নামকরণ করা হয়েছে ‘ভাষাসৈনিক কামরুদ্দীন আহমদ সড়ক’ এবং ভাষাসৈনিক শওকত আলীর নামে নামকরণ করা হয়েছে ধানমন্ডি ৪/এ সড়কের। ভাষা আন্দোলনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের নামে সড়কের এ নামকরণ করে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ডিসিসির মেয়র সাদেক হোসেন গতকাল রোববার সড়ক দুটির নতুন নামকরণ ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ সময় ভাষাসৈনিক কামরুদ্দীন আহমদ ও শওকত আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নামফলক উন্মোচন উপলক্ষে সমাবেশে পৃথক বক্তব্যে মেয়র বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাগরিক। তাই রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার আন্দোলনে ভাষাসৈনিকদের যে বিশাল অবদান ছিল, তার স্বীকৃতি হিসেবে তাঁদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।