দুই মেয়র এত দিনে পথ চিনেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক নজরুল ইসলাম
অধ্যাপক নজরুল ইসলাম

শপথ নেওয়ার পর দুই মেয়রের প্রথম বছর শেষ হলো আজ। তাঁদের শুভেচ্ছা। এই এক বছরে তাঁদের কাজের সাফল্য বা ব্যর্থতা যদি বিবেচনা করি, তাহলে প্রথমেই বলতে হবে, ২০১৫ সালে তাঁরা যখন সরাসরি ভোটে নির্বাচিত হলেন, তখন তাঁরা এই ঢাকা শহরকে যেভাবে পেয়েছিলেন, সেটি কিন্তু খুব কঠিন বাস্তবতার ঢাকা ছিল। কঠিন এখনো।
আমরা যদি এখন গত এক বছরে নির্বাচিত দুই মেয়র কতটা সফলতা অর্জন করতে পেরেছেন বা পারেননি, সেই মূল্যায়ন করতে যাই, তা হলে দেখব, দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই তাঁরা জলজট বা জলাবদ্ধতার মুখোমুখি হয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন কিছু করার জন্য। তবে তেমন কিছু তাঁরা অগ্রসর হয়েছেন, এমনটা তাঁরা দাবি করতে পারবেন না। আবার এটাও ঠিক যে এটা দীর্ঘমেয়াদি কাজ। এবারও যদি ভারী বৃষ্টিপাত হয়, জলজট হওয়ার আশঙ্কাটা থেকেই যাবে।
দক্ষিণের মেয়র ফুটপাত উদ্ধারের চেষ্টা করেছেন। হকার, ভেন্ডরদের সরানোর চেষ্টা করেছেন। কিছুটা সফল হলেও পুরোপুরি নয়। তবে তাঁদের উদ্যোগটা আছে। ফুটপাত যদি মুক্ত রাখতে চাই, পথচারীর জন্য ব্যবহারযোগ্য রাখতে চাই, তাহলে শহরের চার-পাঁচ লাখ হকারের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে উত্তরের মেয়রও কিছুটা চেষ্টা করেছেন।
উত্তরের মেয়রের একটা বড় সফলতা হলো তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এবং গাবতলী বাসস্ট্যান্ড দখলমুক্ত করা। বিশেষ করে তেজগাঁও। এটা যথেষ্ট ভালো সাফল্য। এটা তাঁরা ধরে রাখার চেষ্টা করেছেন। গাবতলী মাঝেমধ্যে এদিক-ওদিক হয়ে যায়। আরেকটি সফলতা হলো, উত্তরের মেয়র কতগুলো লুপ তৈরি করার চেষ্টা করেছেন গাজীপুর থেকে সাতরাস্তা পর্যন্ত।
পরিবেশ বা নদীদূষণের মতো বিষয়গুলোতে তাঁরা অত বেশি সময় দিতে পারছেন না বলেই মনে হয়। উত্তরের মেয়র দৃষ্টিকটু সব বিলবোর্ড নামিয়ে ফেলেছেন। এটা তাঁর নেতৃত্ব ও ব্যবস্থাপনার গুণগত সাফল্যই আমি বলব। আরেকটি ভালো উদ্যোগ হচ্ছে, কিছু গণশৌচাগার নির্মাণ করা হয়েছে।
তবে ঢাকার বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার কোনো পরিবর্তন নেই। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দুই মেয়র নতুন কিছু উদ্যোগ নিয়েছেন। কিন্তু আমরা এখনো হাঁটতে-চলতে দেখি, প্রচুর বর্জ্য রাস্তাঘাটে পড়ে আছে। তার মানে এই বর্জ্য ব্যবস্থাপনা এখনো খুব বেশি শক্তিশালী হয়নি। একটা কথা বলে রাখা ভালো, দিনের শেষে মেয়র বা মিউনিসিপ্যালিটির কার্যকলাপ লোকে ওই বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা, যানজট, জলজট—এগুলো দিয়েই বিচার করবেন। তবে আমি বলব, এই এক বছরে দুই মেয়র তাঁদের পথ চিনতে পেরেছেন।
লেখক: নগর পরিকল্পনাবিদ।