দুই রাস্তা বন্ধ, ২৫ স্থানে চলাচলে নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা-মাশায়েখ মহাসম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর দুটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ দুটি সড়ক হলো শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর মোড় পর্যন্ত। এ ছাড়া নগরের ২৫টি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা বলেছে পুলিশ।
এই মহাসম্মেলনে গৃহীত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে জানাতে ডিএমপি ও ইসলামিক ফাউন্ডেশন গতকাল বুধবার দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে। এতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ওলামা-মাশায়েখদের সম্মেলনে আসা যানগুলো নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর মোড় পর্যন্ত উভয়মুখী যাতায়াত সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, বিপুল জনতার উপস্থিতি ও যানবাহনের কারণে নগরবাসীর নিত্য যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আজ দুপুর ১২টা থেকে ২৫টি স্থানে যানবাহন ডাইভারশন (নিয়ন্ত্রণ) করা হবে। শুধু ইসলামিক ফাউন্ডেশনের নিমন্ত্রণপত্র পাওয়া ব্যক্তিরাই সম্মেলনে প্রবেশ করতে পারবেন। অন্যদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে না যাওয়ার অনুরোধ করেন তিনি। সমাবেশের মাইক ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ ও ডাইভারশন দেওয়ায় যানজটের সৃষ্টি হতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া উদ্যানের আশপাশের সড়কে চলাচল এবং যানবাহন নিয়ে বের না হতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সম্মেলন বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে জানিয়ে তিনি বলেন, সম্মেলন শেষে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। এসব এলাকায় যেমন গাউছিয়া মার্কেট, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডের শপিং মল, বসুন্ধরা শপিং সেন্টারে বিশেষ প্রয়োজন ছাড়া না যেতে নগরবাসীকে অনুরোধ করেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ওলামা-মাশায়েখ সম্মেলনে বিপুল লোকসমাগম হবে। জননিরাপত্তা ও যানজটের কথা মাথায় রেখে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং বাইরে তিনটি অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। অনুষ্ঠানস্থলের এক কিলোমিটার দূরে বিভিন্ন ধরনের তল্লাশিচৌকিসহ আশপাশের এলাকায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, টিএসসি, ছবির হাট, বাংলা একাডেমি, তিন নেতার মাজার ও রমনা কালীমন্দিরের ফটকে আর্চওয়ে দিয়ে প্রত্যেককে সমাবেশস্থলে প্রবেশ করতে হবে। এ ছাড়া পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করবেন। এর বাইরে পুলিশ প্রত্যেককে তল্লাশি চালাবে।
যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে
ডিএমপি কমিশনার বলেন, আজ দুপুর ১২টা থেকে বিজয় সরণি মোড়, খামারবাড়ি, বাংলামোটর, মগবাজার, পরীবাগ, শাকুরার গলি, পুলিশ ভবন মোড়, সবজি বাগান মোড়, মিন্টো রোডের পূর্ব পাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলার গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ্ হল, বকশীবাজার মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়, রোমানা চত্বর, কাঁটাবন মোড়, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
যানবাহন পার্কিং
মহাসম্মেলনে ঢাকার বাইরে থেকে তিন হাজার যানবাহন ঢাকায় আসবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন জেলার যানবাহন রাখার আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী এলাকা থেকে গাবতলী দিয়ে আসা গাড়ি থাকবে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ ও আশপাশের এলাকায়। যশোর থেকে আসা যানবাহনগুলো আগারগাঁও তালতলা এবং পিএসসির সামনের রাস্তায় রাখতে হবে। গাজীপুর, নরসিংদী ও টাঙ্গাইল থেকে আবদুল্লাহপুর দিয়ে আসা যানবাহনগুলো হাতিরঝিলের দক্ষিণ-পূর্ব পাশে রাখতে হবে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার গাড়ি আফতাবনগরের পূর্ব দিকের রাস্তায় থাকবে। মাওয়া হয়ে আসা যানবাহন দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পসংলগ্ন এলাকায় রাখা যাবে।
সায়েদাবাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ দিয়ে সম্মেলনে আসা যানবাহন এজিবি কলোনি থেকে আল হেলাল সড়ক পর্যন্ত রাখা যাবে। এ ছাড়া মহানগর নাট্যমঞ্চ এলাকা, রাজউক-দৈনিক বাংলা পর্যন্ত সড়ক, কমলাপুর, পীর জঙ্গি মাজার, খিলগাঁও-খিদমাহ হাসপাতাল এলাকা, বানিয়ানগর-দয়াগঞ্জ, জুরাইন রেলগেট পর্যন্ত, ফাতেমা নাজ ফিলিং স্টেশন ও শনির আখড়া, দনিয়া কলেজ, সাইনবোর্ড এবং সায়েদাবাদ ব্রিজ পর্যন্ত এলাকায় রাস্তার পাশে যানবাহন রাখা যাবে।
সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য শেখ মো. আবদুল্লাহ বলেন, সৌদি আরব থেকে অতিথিরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। যাঁরা আগ্রহী তাঁরা টিভিতে দেখতে পারবেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।