দুই শিক্ষককে লাঞ্ছিত করায় আট ছাত্র সাময়িক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত ছাত্ররা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আতাউল গণি ও জোবায়ের হোসেন, বাংলা বিভাগের সুমন ও শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগের ছাত্র সঞ্জীব বসাক ও মানিক এবং দর্শন বিভাগের প্রশান্ত ও হিরুম্ভ কুমার রায়। বহিষ্কৃত ছাত্রদের আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিস কক্ষে কাজ করছিলেন ওই বিভাগের শিক্ষক মিন্টু আলী বিশ্বাস। এ সময় মিন্টু আলীর সঙ্গে দেখা করতে তাঁর কক্ষে যান ওই বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র জুবায়ের হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া এক ছাত্রী। এ সময় মন্টু আলীর কক্ষে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক জহির উদ্দিনের পক্ষের আট থেকে দশজন ছাত্রলীগের কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।শিক্ষক তাঁদের চলে যেতে বললে তাঁরা নারী কেলেঙ্কারির অভিযোগ এনে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মন্টু আলী তাঁদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা মন্টু আলীকে তাঁর কক্ষে দুই ঘণ্টা তালা দিয়ে রাখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অশোক কুমার সাহা, মন্টু আলীর সহকর্মীরা আসলে আরেক শিক্ষককে লাঞ্ছিত করেন তারা।এ ঘটনার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।