দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাজিদ হাসান (২২) ও নুসরাত জাহান (২০) মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে। পুলিশও এ ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারছে না। এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুজনের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর সড়কের একটি বাসার দোতলার ফ্ল্যাটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাজিদ ও ফার্মেসির ছাত্রী নুসরাতের লাশ একই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়š উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। ওই ফ্ল্যাটে চার বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন সাজিদ।
সাজিদের বাবার নাম ওয়াজেদ আলী। গ্রামের বাড়ি জামালপুরের নয়াপাড়া। নুসরাতের বাবার নাম নাসির উদ্দিন। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাপাতলী বন্দর এলাকায়। নুসরাত তাঁর বড় বোন তানজিলার সঙ্গে বসুন্ধরা এলাকায় থাকতেন।
ভাটারা থানার উপপরিদর্শক নূর আলম বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি।’
তানজিলা নাদিয়া বলেন, ‘সকালে আমি বাইরে যাওয়ার সময় নুসরাতকে ঘুমিয়ে থাকতে দেখি। দুপুরে আমাকে মেসেজ করে জানায়, ও ভার্সিটিতে আছে। তারপর থেকে ওর ফোন বন্ধ পাই।’ তিনি বলেন, ‘সাজিদের এক বোন আমার সঙ্গে থাকে। আমরা জানি ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে তো আমাকে জানাতে পারত। কেন এমন করল বুঝতে পারছি না।’