দুই সন্তান–স্বামীর পর চলে গেলেন দগ্ধ স্ত্রীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ দুই শিশুসন্তান ও স্বামীর পর এবার স্ত্রীরও মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর নাম শান্তা বেগম (২৮)।

দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মৃত্যু হয় শান্তার স্বামী মো. কাউসার খানের (৪২)। এর আগে গত বৃহস্পতিবার একই হাসপাতালে মারা যায় তাঁদের দুই শিশুসন্তান ইয়াসিন খান (৬) ও নহর খান (৩)।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া শান্তা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটলে একই পরিবারের চারজন দগ্ধ হন। ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।