দুই সাংবাদিকসহ চারজনকে মারধর করল ছাত্রলীগ!
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া ‘স্বপ্নচূড়া’ বাসে দৈনিক মানবকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহাইল মিয়া ও আমাদের অর্থনীতির প্রতিবেদক নুর সোলাইমান এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মনজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হাফিজ তালুকদার যাত্রাবাড়ী যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী বাসে বিশৃঙ্খলা করেন। সাংবাদিকেরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে তাঁদের মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। পাশে বসা ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।