দুই সিটি করপোরেশন প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণসহ নানা প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। পরিবেশবান্ধব পলিব্যাগ বিতরণ, স্যাভলন ও ব্লিচিং পাউডার সরবরাহ এবং তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এই আয়োজনে সচেতনতার জন্য এ-বিষয়ক প্রচারপত্র বিতরণ করা রয়েছে।দক্ষিণ সিটি করপোরেশন জানায়, নগরের ৫৬টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে নিয়মিত পাঁচ হাজার ১০০ জন পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি অতিরিক্ত দুই হাজার শ্রমিক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। বর্জ্য দ্রুত অপসারণে করপোরেশনের আওতাধীন ১০টি পশুর হাট থেকে পশু ক্রেতাদের জবাই করা পশুর বর্জ্য সংরক্ষণের জন্য মোট ৬০ হাজার পরিবেশবান্ধব পলিব্যাগ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বর্জ্য অপসারণ কার্যক্রম এবং পশুর হাট পরিচালনার লক্ষ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ১৮ সদস্যবিশিষ্ট একটিসহ দুটি উপকমিটিও গঠন করা হয়েছে। এদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উত্তরে একটি স্থায়ীসহ পশুর ১০টি হাট রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ—এই প্রতিপাদ্য সামনে রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সাড়ে সাত হাজার পরিচ্ছন্নতাকর্মী এ কাজ করবেন। সাতটি পানির গাড়ি এবং ১২৭টি ট্রাকের ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্যাভলন ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক তদারকির জন্য ১১ সদস্যদের তদারকি দল গঠন করা হয়েছে। তাৎক্ষণিক সহায়তা দিতে দুটি নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সচেতনতার জন্য ইতিমধ্যে ৫০ হাজার প্রচারপত্র বিতরণ করা হয়েছে।