দুই হাজতি ও সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে ভিন্ন দুটি কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পটুয়াখালী কারাগারের মো. হারুন (৩০) ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. মানিক (২৮)।এ ছাড়া রাজধানীর ডেমরায় গত মঙ্গলবার বাসের ধাক্কায় আহত মো. শাহজাহান (২৩) নামের এক যুবক গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।দুই হাজতি: হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ১৫ নভেম্বর পটুয়াখালীর বাউফল থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে হাজতি হিসেবে কারাগারে যান মো. হারুন। সম্প্রতি সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২১ নভেম্বর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে গতকাল বুধবার সকাল নয়টার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি মো. মানিক। সম্প্রতি রাজধানীর মতিঝিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৭ নভেম্বর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মানিক ফকিরাপুল এলাকার এক বাসায় থাকতেন। তাঁর বাবার নাম নূরুল হক। আহত শ্রমিক: ডেমরার বাঁশের পুল এলাকায় একটি সার কারখানার শ্রমিক ছিলেন শাহজাহান। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি এক বন্ধুসহ কারখানাসংলগ্ন সড়কের অপর পাশের দোকানে চা পান করতে যান। এরপর কারখানায় ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিন পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চালক বাস নিয়ে পালিয়ে যায়। শাহজাহানের লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে থানায় আবেদন করা হয়েছে। সন্দেহজনক কোনো কিছু না থাকলে তাদের আবেদন গ্রহণ করা হবে। নিহত শাহজাহানের গ্রামের বাড়ি ঝিনাইদহে। বাবার নাম আবু তাহের।