দুজনকে আহত করে চাঁদার পরিমাণ দ্বিগুণের হুমকি
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জাহিদুল ইসলাম (৩৮) ও আলী আজম (৩৫) নামে দুজনকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর তারা চাঁদার পরিমাণ দ্বিগুণ করার হুমকি দেয়। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, আহত জাহিদুল ইসলাম ঢাকা নগর লেন এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। অপর দিকে আলী আজম ওয়াসার পানির পাম্পের পরিচালক।জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বেলা একটার দিকে তিনি ভবনের নিচে কাজ করছিলেন। হঠাৎ দুজন অস্ত্রধারী যুবক ভবনের সামনে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তাঁর ডান পাঁজরে লাগে। কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা ভবনের পানির মিটার পর্যবেক্ষণ করতে যাওয়া আলী আজমকেও লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি তলপেটে গুলিবিদ্ধ হন। গুলির শব্দ ও আহত ব্যক্তিদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই যুবকেরা পালিয়ে যান। লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম বলেন, ওই ভবনের মালিকের নাম ইকবাল খান। এক মাস ধরে ইমন নামের একজন বিদেশি নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।ইকবাল খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনার আধা ঘণ্টা পর ইমন নামের ওই লোক তাঁকে ফোন করে ১০ লাখের পরিবর্তে ২০ লাখ টাকা দাবি করেন। না হলে আবারও এ ধরনের ঘটনা ঘটানো হবে বলে হুমকি দেন।