দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকার এক বাসা থেকে গতকাল রোববার উজ্জ্বল (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মহাখালী এলাকার এক বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ওসি বলেন, ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন উজ্জ্বল। তিনি বেকার ছিলেন। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এদিকে গত শনিবার একই থানা এলাকায় খাইরুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খাইরুল বারিধারার ২১ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রি ছিলেন। শনিবার বিকেল পাঁচটার দিকে ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। খাইরুল একটি বৈদ্যুতিক মেশিন দিয়ে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাইরুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।