দুজনের কারাদণ্ড আরও দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতির কারণে দুই পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জালিয়াতির চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবদুস সালাম ও জুবাইদুল ইসলাম। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে তাঁদের শেরেবাংলা নগর সরকারি বিদ্যালয় কেন্দ্র ও মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়াত মেহজাবীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এঁরা দুজন পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিলেন। পরীক্ষা চলাকালে তাঁদের মোবাইলে খুদে বার্তা এসেছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট পাবলিক পরীক্ষা আইনের ১৮৮ ধারা অনুযায়ী তাঁদের এক মাসের কারাদণ্ড দেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ৮৭টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে পরীক্ষায় মোট ৯০ হাজার ১৩০ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেন।

এদিকে পরীক্ষার আগে বৃহস্পতিবার রাতে ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ মিল্টন ও পাভেল নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিল্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। অধ্যাপক আমজাদ আলী বলেন, এই দুজন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করছিলেন। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।