দুটি অগ্নিকাণ্ডে আট লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল থানার সেনাকল্যাণ ভবন ও পল্লবী থানার একটি তৈরি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুটি ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে রাজধানীর মতিঝিল এলাকার ২১ তলা সেনাকল্যাণ ভবনের ১৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ছাদের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে টিউব থেকে এ আগুনের সূত্রপাত বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।পল্লবী থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে রাজধানীর পল্লবী থানার শিয়ালবাড়ির রূপনগরে ‘কনভিন্স অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি গার্মেন্টসের নয় তলার ছাদের ওপর নির্মিত একটি আধাপাকা টিনশেডের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই কক্ষে রাখা সুতা, সোয়েটারের পাট কাপড়সহ গার্মেন্টসের বেশ কিছু কাঁচামাল পুড়ে যায়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।