রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে প্রায়ই ভবন ধস বা হেলে পড়ার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় নির্মাণসামগ্রীর মানের বড় ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার চারটি রড তৈরির কারখানা ও তাদের পরিবেশক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় দুটি কোম্পানিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রহিম স্টিল রি-রোলিং মিলস এবং একই মালিকের ডায়মন্ড স্টিল রি-রোলিং মিলে অভিযান চালান। সেখান থেকে ১০ ও ১২ মিলিমিটারের দুই টুকরো এম এস রডের নমুনা সংগ্রহ করা হয়।এরপর আদালত রাজধানীর বনশ্রীতে অবস্থিত আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলের পরিবেশক নাভিলা ট্রেডার্স এবং বাড্ডায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) পরিবেশক আল-আমিন অ্যান্ড সন্স নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একইভাবে নমুনা সংগ্রহ করেন।আদালত চারটি কোম্পানির এসব নমুনা, একজন করে প্রতিনিধিসহ বিএসটিআইয়ের পরীক্ষাগারে যান। সবার উপস্থিতিতে পরীক্ষাগারে রডের টেনসিল টেস্ট (প্রসারণসাধ্য বা ভারসাধ্য) এবং বাঁকা করা হয়।বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) আবদুস সবুর সাংবাদিকদের জানান, ডায়মন্ড স্টিল রি-রোলিং মিলের এম এস রডে গ্রেড ডিক্লারেশন ছিল ৩০০। কিন্তু পরীক্ষার পর পাওয়া গেছে ৪১১ গ্রেড। এ ছাড়া বিএসআরএম কোম্পানির রড বাঁকা (বেন্ড টেস্ট) করার সময় চিড় দেখা দেয়। আদালত ওই দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন।তবে বিএসআরএমের বিক্রয় কর্মকর্তা আরিফ মাইনুদ্দিন সাংবাদিকদের বলেন, রড বাঁকা করার সময় সামান্য চিড় দেখা যায়। এতে রডের গুণগত মান ও নির্মাণে কোনো সমস্যা হওয়ার কথা নয়।রহিম স্টিল মিলের ব্যবস্থাপক (বিক্রয়) আবদুস সামাদ সাংবাদিকদের জানান, ৩০০ গ্রেডের স্থলে ৪১১ গ্রেড পাওয়ার বিষয়টি ত্রুটি নয়। শুধু এক টুকরো রড পরীক্ষা করে সার্বিক সিদ্ধান্ত জানা যাবে না।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। র্যাব-১০-এর সহকারী পরিচালক জাকির হোসেনসহ একটি দল এবং বিএসটিআইয়ের কয়েকজন কর্মকর্তা আদালতকে সহায়তা করেন।