দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
রাজধানীর তুরাগ থানার কামারপাড়াসংলগ্ন তালতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহত ট্রাকচালকের নাম সালাউদ্দিন (২৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গতকাল ভোররাতে ট্রাকে করে মাছ ও সবজি কিনতে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন ক্রেতারা। কামারপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর তাঁদের বহনকারী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাছ ও সবজি বিক্রেতাদের বহনকারী ট্রাকের চালক সালাউদ্দিনের মৃত্যু হয়। এ সময় মাছ ও সবজি বিক্রেতা ১২ জন আহত হন। এর মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। নিহত সালাউদ্দিনের বাড়ি সাভারের হেমায়েতপুরে। যোগাযোগ করা হলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, বালুবাহী ট্রাকটির চালক পালিয়ে গেছেন। সংঘর্ষে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গেছে।