দুটি ডাকাতির ঘটনায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বুধবার রাতে পৃথক দুটি ঘটনায় চারজনকে কুপিয়ে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে ডাকাতেরা। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনা দুটি ঘটেছে কাফরুল ও গুলশান থানার একটি বাড়ি ও এক জুয়েলারি দোকানে।কাফরুল থানা সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে পাঁচ-ছয়জন ডাকাত সেনপাড়া পর্বতার ৪ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে হানা দেয়। তারা বাড়ির মালিক জাফরউল্লাহ চৌধুরীর তৃতীয় তলার ফ্ল্যাটে গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে জাফরউল্লাহ চৌধুরী (৫৮), তাঁর শ্যালক পারভেজ (৩৫) ও ভাইপো জাহাঙ্গীর চৌধুরীকে (৪৫) চাপাতি দিয়ে কুপিয়ে দুই ফ্ল্যাট থেকে ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবু সাইদ (২৩) নামের এক ডাকাতকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে সাইদকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাড়ির মালিক জাফরউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জাফরউল্লাহর শ্যালক পারভেজ ও ভাইপো জাহাঙ্গীরকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। হাসপাতালে জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি তৃতীয় তলায় চাচা জাফরউল্লাহর পাশের ফ্ল্যাটে থাকেন। রাত আড়াইটার দিকে ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে চাচার বাসায় ঢোকে। এক প্রতিবেশী ফোন করে বিষয়টি জানালে তিনি চাচার বাসায় ঢুকতেই দেখেন, জাফরউল্লাহ ও পারভেজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। নারীসহ অন্যদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। জাহাঙ্গীর জানান, ডাকাতদের বয়স ছিল ২৫-এর নিচে। তাদের সবার হাতে চাপাতি ও পিস্তল ছিল। একপর্যায়ে ডাকাতেরা হাতে কোপ দিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁকে তাঁদের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর সেই বাসার আলমারি থেকে ২০ ভরি সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা লুট করে। চাচার বাসা থেকে ৩৫ ভরি সোনার অলংকার ও নগদ ১৫ হাজার টাকা লুট হয়েছে বলে তিনি শুনেছেন। জাহাঙ্গীর বলেন, তাঁদের ভবনলাগোয়া একটি ক্লাবের ছাদ থেকে ডাকাতেরা গ্রিল কেটে ঢোকে। ওই পথ দিয়েই নামার সময় এক ডাকাত পড়ে গেলে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ডাকাত চক্রের সবাই শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরেক ঘটনায় ক্রেতা সেজে বুধবার রাতে গুলশানের একটি সোনার দোকান থেকে ৪০ ভরি সোনা লুট করেছে ডাকাতেরা। তাদের চাপাতির কোপে দোকানের মালিক গোলাম মোস্তফা আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানা সূত্র জানায়, বুধবার রাত পৌনে আটটার দিকে নর্দ্দা এলাকার কালাচাঁদপুরের রুবি জুয়েলার্সে ক্রেতা সেজে তিন-চার যুবক ভেতরে ঢোকে। এ সময় মালিক গোলাম মোস্তফা ও দুই কর্মচারী দোকানে ছিলেন। যুবকেরা প্রথমে অলংকার দেখতে চায়। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে এবং ৪০ ভরি অলংকার লুট করে নেয়। দোকানের মালিক গোলাম মোস্তফা এক ডাকাতকে জাপটে ধরলে ডাকাতেরা তাঁকে চাপাতি দিয়ে কোপ দেয়। এরপর ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।