দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি সুপেয় পানি তৈরির কারখানা ও মালিবাগ চৌধুরীপাড়ার একটি বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও শিলাঞ্চলে এম কে বিজনেস কমিউনিকেশন নামক একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সুপেয় পানি তৈরি ও বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আদালত মালিবাগ চৌধুরীপাড়া এলাকার ইভানা কেব্ল ইন্ডাস্ট্রিজ নামক বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের তারের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ হোসেন ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।