দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় গতকাল বুধবার দুপুরে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আসাদগেটে অবস্থিত বেসরকারি পিপলস ইউনিভার্সিটির এক ছাত্রের গাড়ি পাশের বাংলাদেশ ইউনিভার্সিটির দুই ছাত্রকে ধাক্কা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা আসাদগেট প্রধান সড়ক অবরোধ করে রাখেন এবং পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে চার-পাঁচজন শিক্ষার্থী সামান্য আহত হন।ভাঙচুর ও অবরোধের একপর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা-জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে এ অবস্থা চলায় আশপাশের সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়।মোহাম্মদপুর থানার এসআই আফজাল হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।