দুটি স্ট্যান্ড থেকে ছাত্রলীগ ও ছাত্রদলের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার দুটি পরিবহন স্ট্যান্ড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতি মাসে প্রায় এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কসংলগ্ন বাসস্ট্যান্ডের ছয়টি বাস কোম্পানি থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকের সামনে অবৈধভাবে বসানো লেগুনা স্ট্যান্ডের তিনটি লেগুনা কোম্পানি থেকে পৃথকভাবে এ চাঁদাবাজি করা হয়।পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ছয়টি বাস কোম্পানি থেকে মাসে প্রায় ৬২ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। এর মধ্যে তানজিল পরিবহন থেকে ১২ হাজার টাকা, বিহঙ্গ থেকে আট হাজার, ইউনাইটেড থেকে ১০ হাজার, ভিক্টোর থেকে ১২ হাজার, স্কাইলাইন থেকে ১২ হাজার ও সুপ্রভাত পরিবহন থেকে আট হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এ ছাড়া তিনটি লেগুনা কোম্পানি থেকে আরও প্রায় ২০ হাজার টাকা চাঁদা তোলা হয়। তবে কেউ চাঁদা দিতে না চাইলে হুমকি দেওয়া হয় গাড়ি ভাঙার। তাই মাসের শুরুতেই নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য হয় পরিবহন মালিক সমিতি। সূত্রগুলো জানায়, চাঁদাবাজির ওই টাকার ৬০ শতাংশ পায় ছাত্রলীগ। আর বাকি ৪০ শতাংশ বরাদ্দ থাকে ছাত্রদলের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন মালিক সমিতির এক সদস্য বলেন, চাঁদা না দিলে গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে তাঁদের টাকা দিতে হচ্ছে। এ ছাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও লাভ হচ্ছে না।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজি নতুন কিছু নয়। বিশ্ববিদ্যালয়ের আগের ছাত্রনেতারাই ওই পথ দেখিয়ে গেছেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদলকে টাকা দেয় পরিবহন মালিক সমিতি।’ তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম দাবি করেন, ছাত্রলীগের বর্তমান কমিটির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক নেই।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন।সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে এবং ঢাকা কলেজিয়েট স্কুলের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা এই লেগুনা স্ট্যান্ড সদরঘাট সড়কের একাংশের অর্ধেকটা দখল করে আছে। ফুটপাত দখল করে কাউন্টার, গ্যারেজ ইত্যাদি স্থাপনাও গড়ে তুলছেন পরিবহন মালিক সমিতির লোকজন। সদরঘাট যাওয়ার সড়কে যানজটের অন্যতম কারণ হিসেবে এই স্ট্যান্ডকে দায়ী করেন কয়েকজন পথচারী।লেগুনা মালিক সমিতির এক সদস্য বলেন, ‘অবৈধভাবে আছি বলেই তো ছাত্রনেতাদের ও পুলিশকে মাসে মাসে টাহা দিই। তয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন চাইলে তা সরিয়ে নিতে আমাগো আপত্তি থাকব না।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, স্ট্যান্ডটি সরিয়ে নিতে কয়েক দিন আগেও কোতোয়ালি থানা ও ডিএমপিকে (ট্রাফিক বিভাগ) চিঠি দেওয়া হয়েছে।পুলিশের চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ফটকের সামনের স্ট্যান্ডটি ডিএমপির সহযোগিতায় সরানো হবে।