মগবাজারে নারী নিহত ও ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত
দুটি সড়ক দুর্ঘটনার পর অবরোধ, গাড়ি ভাঙচুর
পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর মগবাজারে এক নারী নিহত ও ধানমন্ডিতে ছাত্র আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা সোয়া তিনটার দিকে বড় মগবাজারে ওয়্যারলেস মোড়সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন মর্জিনা বেগম (৪০) নামের এক নারী। এ সময় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা। এরপর বিক্ষুব্ধ জনতা ওই মিনিবাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রভাতী পরিবহনের আরেকটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। এতে ওই সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। মর্জিনার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, মর্জিনা ওয়্যারল্যাস মোড়সংলগ্ন গ্রান্ড প্লাজা শপিং মলের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরে বলে জানা গেছে। পোড়া মিনিবাস দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা আগে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মিনিবাসের ধাক্কায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র শওগাতুল আলম (১৮) আহত হন। তাঁকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ধানমন্ডির তিনটি ক্যাম্পাস থেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে যানবাহনে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় সড়ক অবরোধ, ভাঙচুর ও বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুর থেকে ধূপখোলাগামী ১৩ নম্বরের একটি মিনিবাসের বাসের ধাক্কায় ওই ছাত্র গুরুতর আহত হন। ওই ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সংঘর্ষ বাধে। পুলিশ এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ও ভাঙচুর বন্ধ হলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেয়ারি প্লাজা শাখার সামনে জড়ো হয়ে চালকের শাস্তি, লাইসেন্সবিহীন গাড়ি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করেন। সূত্র জানায়, সংঘর্ষ ও ভাঙচুরের সময় আশপাশের অন্য বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের সব দোকানপাটও বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সেলিনা পারভীন প্রথম আলোকে বলেন, আহত ছাত্র আশঙ্কামুক্ত। কিন্তু ছাত্রটি মারা গেছেন, এমন গুজবে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ মিনিবাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।