দুদকে সাবেক রাষ্ট্রদূত মাজেদার স্বামীর কাণ্ড
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন ফিলিপাইনের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসার স্বামী আবদুল মান্নান মিয়া।একাধিক দুর্নীতির মামলার আসামি মাজেদা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদে কর্মরত। তিনি গতকাল সোমবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন স্বামীকে সঙ্গে নিয়ে।দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা মাজেদার বক্তব্য নিতে চাইলে তাঁর স্বামী আবদুল মান্নান সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। এ সময় তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক আশরাফ মাসুদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এর প্রতিবাদ করলে মাজেদার স্বামী ইসলামিক টিভির চিত্রগ্রাহক মশিউর রহমানের কলার চেপে ধরেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আবদুল মান্নান বলেন, ‘সাংবাদিকদের চেনা আছে। তোমাদের হাইকমান্ডের সঙ্গে কথা বলব।’পরে জানতে পেরে ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ‘দুদক মাজেদাকে ডাকেনি। তিনি নিজে থেকে কমিশনে এসেছিলেন।’দুদকে কেন এসেছিলেন, এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে মাজেদা রফিকুন নেসা বলেন, ‘কী কারণে আসব, কেন আসব, সে জবাব আমি দিতে বাধ্য নই।’ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস থেকে প্রত্যাহার করা মাজেদার বিরুদ্ধে গত ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় দুটি মামলা করেছে দুদক। এজাহারে ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বামী, কন্যা ও বোনকে অবৈধ নিয়োগ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।