দুদকের একই কর্মকর্তা দিয়ে অনুসন্ধান ও তদন্ত করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের তফসিলভুক্ত কোনো অপরাধসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান ও তদন্ত একই কর্মকর্তা দিয়ে করা যাবে—দুদকের সংশোধিত বিধিমালার এই বিধির বৈধতা নিয়ে করা রিটটি পর্যবেক্ষণসহ খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। আদালত বলেছেন, ২০০৭ সালের দুদকের বিধিমালার ২৪(২) বিধি অনুসারে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা যথাযথ ও যথার্থ হতে হবে, যাতে তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো বিতর্ক না ওঠে।

নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা না দেওয়ায় দুদকের করা মামলাকে কেন্দ্র করে সংশোধিত বিধিমালার বিধি ২৪(১)-এর বৈধতা চ্যালেঞ্জ করে একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চলতি বছর হাইকোর্টে রিট করেন।

প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ সেপ্টেম্বর রুল দেন আদালত। ১৭ নভেম্বর রুলের ওপর শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ১৩ এপ্রিল আবদুস সালামের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। মামলার তদন্তও করেন তিনি। তদন্ত শেষে গত বছরের ১৮ সেপ্টেম্বর আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের ওই কর্মকর্তা।

অভিযোগপত্রে আবদুস সালামের বিরুদ্ধে ৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। এরপর সংশোধিত বিধিমালার ওই বিধির বৈধতা নিয়ে রিট করেন তিনি, যার ওপর আজ রায় হলো।

আদালতে রিটের পক্ষে আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রুল খারিজ হওয়ায় দুদকের সংশোধিত বিধিমালার ২৪(১) বিধি বৈধ বলে প্রমাণিত হলো। এর ফলে দুদক আইনের তফসিলভুক্ত অপরাধসংক্রান্ত অভিযোগ দুদকের একই কর্মকর্তা দিয়ে অনুসন্ধান ও তদন্ত করা যাবে। আদালত বলেছেন পর্যবেক্ষণ দেবেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আবদুস সালামের বিরুদ্ধে মামলা চলবে।

২০০৭ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন বিধিমালা প্রণয়ন করে সরকার। এর ২৪ বিধিতে বলা হয়েছিল, আইনের তফসিলভুক্ত কোনো অপরাধসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান এবং তদন্ত আলাদা কর্মকর্তা দিয়ে শেষ করতে হবে। তবে একই বছরের ২৬ নভেম্বর বিধিমালা সংশোধন করা হয়। সংশোধিত বিধিমালার ২৪(১) বিধিতে বলা হয়, আইনের তফসিলভুক্ত কোনো অপরাধসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান ও তদন্ত একই কর্মকর্তা দিয়ে করা যাবে।