দুদকের দুটি মামলায় জামিন পেলেন জমির উদ্দিনসহ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দুটি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা) আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এই তিনজন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জহিরুল হক তা মঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানায় ২০১০ সালের ২৮ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন বাদী হয়ে পাঁচটি মামলা করেন। এসব মামলায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকে আসামি করা হয়।পাঁচটির মধ্যে তিনটির তদন্ত শেষ হওয়ায় অভিযোগপত্র জমা দেওয়ার জন্য অনুমোদন দেয় দুদক কর্তৃপক্ষ। ৭ নভেম্বর দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আগামী ১০ জানয়ারি মামলার অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে নিয়ে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক এসব মামলা করেছিল।