দুদকের ভুয়া পরিচালক গ্রেপ্তার
বাংলাদেশ সরকারের মনোগ্রাম খচিত একটি ভিজিটিং কার্ড। তাতে নাম লেখা ‘লেফটেন্যান্ট কর্নেল এম আই চৌধুরী’। পদবি দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন)। এই ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় আর প্রতারণা করে আসছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার দুদকের হাতে গ্রেপ্তার হয়েছেন দুদকের পরিচালক পরিচয় প্রদানকারী ওই ব্যক্তি।
রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন সংস্থার উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। গ্রেপ্তারের পর ওই ভুয়া পরিচয়দাতাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির প্রকৃত নাম ইকবাল হোসেন চৌধুরী। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে।
এ বিষয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ইকবাল হোসেন চৌধুরী রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকেন। সেখানে নিজেকে দুদকের পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে নানা রকম আর্থিক সুবিধা নেন বলে সংস্থাটির কাছে অভিযোগ আসে। দুদকের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।