দুদকের মামলায় জি কে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আক্তারকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জামিন চেয়ে আয়েশা আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আয়েশার পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জেসমিন নাহার। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক শুনানিতে ছিলেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক প্রথম আলোকে বলেন, ওই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন আয়েশা। বাসাবোর একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাইকোর্ট প্রাঙ্গণে এসে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হন তিনি। হাইকোর্ট আগাম জামিন না দিয়ে আট সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।

২০১৯ সালের ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহ উদ্দিন ওই মামলা করেন। মামলায় জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা নিজেদের ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়।