মাসিক বেতন, সেশন ফি ও ছাত্রাবাস ফি বাড়ানোর প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ করেছে রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দুপুরে বর্ধিত ফি স্থগিত করার ঘোষণা দেয়। বিকেলে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেয় কর্তৃপক্ষ।শিক্ষার্থীরা জানান, প্রতি ব্যাচের শিক্ষার্থীদের মাসিক বেতন এক হাজার টাকা করে, সেশন ফি পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার আর ছাত্রাবাস ফি ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে মূল্য সংযোজন কর-ভ্যাট না নেওয়ার সিদ্ধান্ত নিলেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে চার দশমিক পাঁচ শতাংশ হারে তা আদায় করছে।তা ছাড়া আগে ইন্টার্নি চিকিৎসকদের কাছ থেকে ছাত্রাবাস ফি নেওয়া হতো না, কিন্তু এখন তাঁদের কাছ থেকেও আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে।শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, বেসরকারি মেডিকেল কলেজে প্রতি শিক্ষার্থীর বিপরীতে পাঁচজন রোগী ভর্তির বিধান রয়েছে। সে হিসেবে কলেজের হাসপাতালে ৫০০ রোগী ভর্তির ব্যবস্থা থাকার কথা। কিন্তু হাসপাতালে শয্যা আছে দেড় শয়ের মতো। রোগী না থাকায় তারা ঠিকমতো ক্লিনিক্যাল শিক্ষা পাচ্ছেন না।শিক্ষার্থীদের আরও অভিযোগ, আগে কলেজের হাসপাতালে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বিনা মূল্যে চিকিৎসা করানো হতো। কিন্তু বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের চিকিৎসায় ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বেতন বাড়ানো-কমানোর সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্ধিত ফি নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।কলেজের পরিচালক (প্রশাসন) মীর মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, নিয়মমাফিক বেতন বাড়ানো হয়েছে। এটা নিয়ে আন্দোলন করার কিছু নেই। তবে তিনি মনে করেন, সেশন ফি বাড়ানো ঠিক হয়নি। দুপুরে একাডেমিক কমিটির সভায় শিক্ষার্থীদের ছাত্রাবাস খালি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।