দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ওএমএসের চাল
গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় শতাধিক মানুষের দীর্ঘ সারি। ভরদুপুরে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই। সামনে গিয়ে দেখা গেল ট্রাকে করে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি হচ্ছে। ট্রাকের সামনে ২৪ টাকা কেজি দরে চাল কিনতে দাঁড়ানো সালেহা জানালেন, ‘বাজারে একই মানের চাল ৩৪ টাকা কেজি। এখান থেকে চাল নিলে পাঁচ কেজিতে ৫০ টাকা কম পড়ে। তাই রোদ ও গরম সহ্য করেও চাল কিনছি।’ ট্রাকের সামনে দায়িত্ব পালনকারী খাদ্য পরিদর্শক তারেক ভূঁইয়া জানান, সকালে ট্রাক আসার আগেই ক্রেতারা সারি ধরে দাঁড়াতে শুরু করেন। গত কয়েক দিনে ক্রেতার সংখ্যা অস্বাভাবিক বেড়েছে। দুপুরের মধ্যেই প্রতিটি ট্রাকের জন্য বরাদ্দ করা তিন টন চাল শেষ হয়ে যাচ্ছে। আজ (বুধবার) এক টন বাড়ানোর পরও বেলা তিনটার মধ্যে প্রায় সব চাল শেষ। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া, ১৪ নম্বর, হাতিরপুলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি। দুপুরের মধ্যে চাল শেষ হয়ে যাওয়ায় অনেকেই চাল কিনতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে। রাজধানীতে ওএমএস ট্রাকের সংখ্যা ১০০টি থেকে বাড়িয়ে ১২৫টি করার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে গতকাল বুধবার ১১৪টি ট্রাক নেমেছে। তা দিয়েও ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এত দিন ট্রাকপ্রতি চালের বরাদ্দ ছিল তিন টন। ১২ অক্টোবর থেকে তা বাড়িয়ে চার টন করা হয়েছে। ১২৫টি অনুমোদন পাওয়ার পরও কেন ১১৪টি ট্রাক নামানো হলো—জানতে চাইলে খাদ্য বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ডিলার ও ট্রাক জোগাড় করতে দেরি হওয়ায় সব ট্রাক নামানো যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে বাকি ট্রাক নামানো হবে। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগে গত রমজান মাসের শুরুতে রাজধানীতে ১০০টি ট্রাকে চাল বিক্রি কার্যক্রম শুরু হলেও ইফতারের পর পর্যন্ত চাল বিক্রি করতে হতো। ঈদের পর আবারও ওএমএসে চাল বিক্রি শুরু হলে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে বেশির ভাগ দোকানেও দুপুর নাগাদ চাল বিক্রি শেষ হয়ে যাচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বর্তমানে বাজারে ৩২ থেকে ৩৪ টাকা নিচে মোটা চালও পাওয়া যাচ্ছে না। গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। প্রতি কেজি ২৮ থেকে ৩৩ টাকার নিচে আটাও পাওয়া যাচ্ছে না। ফলে শহরাঞ্চলের দরিদ্র মানুষের একটা বড় অংশ ওএমএস চাল কেনার দিকে ঝুঁকে পড়ছে। এ ব্যাপারে জানতে চাইলে খাদ্যসচিব বরুন দেব মিত্র প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। খাদ্য মন্ত্রণালয় দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে চাল সরবরাহের জন্য কাজ করছে। ওএমএস চালের চাহিদা বাড়ায় ডিলারের সংখ্যা বাড়ানো হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, মজুদ পরিস্থিতি পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।