‘দুর্গত মানুষের সমস্যা দেখেন না নীতিনির্ধারকেরা’
দেশের নীতিনির্ধারকেরা প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের (প্রাকৃতিক বিপর্যয়ের শিকার) সমস্যাগুলো দেখেন না বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেছেন, ‘মাঝেমধ্যে দেখা যায় তাঁরা (নীতিনির্ধারকেরা) দুর্গত অঞ্চলে কিছু লোক পাঠিয়ে সেখান থেকে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এ কারণে ক্ষতিগ্রস্ত মানুষের আকাঙ্ক্ষাগুলোর কম বাস্তবায়ন হতে দেখা যায়।’
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) পরবর্তী পর্যালোচনা ও নাগরিক মতবিনিময় সভায় কাজী খলীকুজ্জমান আহমদ এ কথা বলেন। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এই সভার আয়োজন করে।
সভায় সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদ্দোহা বলেন, এবারের কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের একমত হওয়ার বিষয়টি নতুন পথচলার সূচনা। তবে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে সঠিক হারে কার্বন নির্গমন হ্রাস করতে ব্যর্থ হলে সব প্রচেষ্টা বিফলে যেতে পারে।
সভায় বক্তারা বলেন, এখন থেকেই বিশ্ব সম্প্রদায়কে কার্বন নির্গমন কমানোর পাশাপাশি অভিযোজন পরিকল্পনা, প্রযুক্তি ও দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহারও বন্ধ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল কাদের, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম, ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক আমিনুল হক প্রমুখ।