রাজধানীর মগবাজারের আমবাগান এলাকার কয়েক শ ঘর দুই সপ্তাহের বেশি সময় ধরে কোথাও হাঁটু, কোথাও কোমরপানিতে ডুবে আছে। নোংরা পানির সঙ্গে বর্জ্য মিশে সৃষ্ট দুর্গন্ধে এলাকার কয়েক হাজার মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। তবে পানি বললে এলাকাবাসীর দুর্দশাটা ঠিক বোঝা যাবে না। মগবাজারের নয়াটোলা এলাকার বাসিন্দাদের পয়োবর্জ্য ও পানি নিষ্কাশিত হয় আমবাগান এলাকা দিয়ে। এ কারণে এই এলাকায় এক পূতিগন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে। ওয়াসার পানির লাইনে এই ময়লা পানি ঢুকে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়েছে ওয়াসার পানি। গ্যাসের চুলা ময়লা পানিতে ডুবে যাওয়ায় রান্নাবান্নার কাজও কঠিন হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের কাজ করার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ডুবে থাকা এলাকার বাইরে বসবাস করেন সাইদুর রহমান। তিনি বলেন, এই প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরুর পরও এলাকার পানি সরছিল না। তখন একটি বাড়ির পাশ দিয়ে একটি পাইপ বসানো হয়। এই পাইপ দিয়ে ঝিলে পানি যেত। কিন্তু দুটি প্রতিষ্ঠান এই এলাকায় দুটি স্থাপনা করছে। তারা পানি যাওয়ার রাস্তায় মাটি ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রায়হানুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ) এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’এলাকা ছেড়ে যাওয়ার উপায় না থাকায় ইট বা বাঁশ দিয়ে ঘরের চৌকি উঁচু করে সেখানেই বাস করছে এই ঘরগুলোর বাসিন্দারা। একজন বাসিন্দা রেজা মিয়া বলেন, ‘ইট-মিট দিয়া, বাঁশ দিয়া চকি আলগি দিয়া আছি। ঘরে খাওয়া তো বন্ধ। বাইরে খাই।’পানি জমার কারণে প্রায় ১৫ দিন ধরে এলাকাবাসীর নাওয়া-খাওয়া বন্ধ। এই এলাকার বেশির ভাগ মানুষ শ্রমজীবী নিম্নবিত্ত শ্রেণীর। প্রতি বেলা বাইরে থেকে খাবার কিনে খাওয়ার উপায় নেই তাদের। অনেকেই তাই চিঁড়ামুড়ি খেয়ে কোনোমতে দিন পার করছেন।বাসিন্দারা জানান, নোংরা পানি পান করে এরই মধ্যে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। অনেকের শরীরে চর্মরোগও দেখা দিয়েছে। একজন বাসিন্দা কবির বেপারী বলেন, ‘পানিতে পচা গন্ধ। রান্না নাই, তাই খাইতে পারি না। চিঁড়ামুড়ি খাই।’তাজিয়া বেগম দুর্গতির কথা বোঝাতে গিয়ে বলেন, ‘মনে চায় না ঘরে যাই।’পাশের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন ইবারন বেগম। তিনি জানান, পানি জমার পর তাঁর ঘরের ভেতর সাপও দেখেছেন তিনি। তাজিয়া বেগম বলেন, ‘ভাই, পানি সরানোর ব্যবস্থা করে আমাগো একটু বাঁচান।’ তিনি জানান, তাঁর মেয়ে ও নাতি এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার কথা বলেছেন আমিরুল ইসলামও। এলাকার কমিশনার শরমিলা ইমামকে ডেকে এনে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শরমিলা ইমাম প্রথম আলোকে বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য তিনটি মোটর পাম্প লাগানো হয়েছে। আর একটি পাইপ বসানো হয়েছে। এই দুটি উপায়ে জমে থাকা পানি ঝিলের মধ্যে ফেলা হবে। আশা করি, দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।