দুর্গাপূজার সর্বাত্মক নিরাপত্তায় মহানগর পুলিশের প্রস্তুতি
নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল সোমবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, আগামী ২ থেকে ৬ অক্টোবর দুর্গাপূজা উদ্যাপনে নিরাপত্তা সম্পর্কে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। ঢাকা মহানগর সদর দপ্তরেও বেশ কয়েকটি সভা করা হয়েছে। এসব সভার বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত পর্যালোচনা করে রাজধানীতে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, অতি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ ও সাধারণ—পূজামণ্ডপগুলোকে এ তিনটি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্ব অনুযায়ী বিভিন্ন সংখ্যায় মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হবে। তা ছাড়া রাজধানীর সাতটি পূজামণ্ডপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র্যাব ও আনসার সদস্যরাও মাঠে থাকবেন। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করবেন। পূজা উদ্যাপনে যাতে নিরাপত্তার কোনো ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা সতর্ক থাকবেন। পুলিশ কমিশনার বলেন, রাজধানীর শপিং মল, প্রতিমা বিসর্জনের স্থান, বিভিন্ন ফ্ল্যাট বাড়ি ও মণ্ডপের আশপাশের স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা ছাড়া বিদ্যুৎ, অগ্নিকাণ্ডসহ সম্ভাব্য বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার ব্রিগেড প্রস্তুত রয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারগণ, র্যাব, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও সর্বজনীন পূজা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।